স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন। দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে কোনো ভোটার নেই। নির্বাচনে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে এবং প্রত্যেক সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট ব্যালট থাকবে।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। গত ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করে। গত মঙ্গলবার বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় এই দুই প্রার্থীই চূড়ান্ত হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী এবার নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য সংসদ কক্ষে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হবে এবং সিইসি এতে সভাপতিত্ব করবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ফল ঘোষণা করা হবে এবং এরপর গেজেট প্রকাশ করা হবে বলে ইসি জানিয়েছে।
রাজনৈতিক সমীকরণে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় ২৪৭ জনসহ জোটের প্রায় ২৫০ ভোট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে জামায়াতের ৭৭ জনসহ ১১ দলীয় জোটের প্রায় ৯০ ভোট অলি আহমদের পক্ষে থাকার কথা। বাকি ৮ জন স্বতন্ত্র ও অন্য দলের সদস্যের ভোট এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছিলেন। এরপর থেকে প্রতিবারই একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে, সংসদ কক্ষে ভোটের প্রয়োজন পড়েনি। এবার ৩৫ বছর পর আবার ভোট হচ্ছে।
ভোটের নিয়ম অনুযায়ী প্রত্যেক সংসদ সদস্যকে ব্যালটের মুড়ি অংশে নিজের তথ্য পূরণ করে পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে এবং পছন্দের প্রার্থীর নামের বিপরীতেও স্বাক্ষর করতে হবে। এ কারণে বিদেশে অবস্থানরত, অসুস্থ বা অন্য কোনো কারণে অনুপস্থিত সদস্যের ভোট অন্য কেউ দিতে পারবেন না।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ লঙ্ঘন হলে সদস্যপদ চলে যেতে পারে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। চিফ হুইপ জানিয়েছেন, আগামী ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments