ঝিনাইগাতীতে ধান মাড়াইকল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১

প্রকাশ : 08 Nov 2026
ঝিনাইগাতীতে ধান মাড়াইকল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১

আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ  ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আলম উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা গ্রামের উদর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন আলম দীর্ঘদিন ধরে শ্যালোইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ মাড়াইকলের ব্যবসা করে আসছিলেন। রবিবার সকালে বাড়ি থেকে ভ্রাম্যমাণ ধান মাড়াইকল নিয়ে সন্ধ্যাকুড়া এলাকার উদ্দেশে রওনা হন তিনি। পথে রাংটিয়া এলাকায় পৌঁছালে ধান মাড়াইকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক হোসাইন আলম ও তাঁর সহকারী (হেলপার) সুজন মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর

;