স্টাফ রিপোটার: পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়েছে। হাজারো শিয়া মুসলিম ভক্ত খালি পায়ে, কালো পোশাকে বুক চাপড়িয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে মিছিলে অংশ নেন। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মিছিলে আলাম, পাঞ্জা, জারি তাজিয়া ও প্রতীকী দুলদুল বহন করা হয়। অনেক শিশুও এদিন অংশ নিয়ে কলা, পেয়ারা, শসা, ছোলা, কিশমিশ, বাদাম ও শরবত বিতরণ করে, যা শোকের পাশাপাশি সহমর্মিতার আবহ তৈরি করে।
মিছিলটি হোসাইনী দালান থেকে শুরু হয়ে বকশি বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশী বাজার কল পাড় মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবির ৪নং গেইট ও সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর আড়াইটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ মহররম পর্যন্ত রাজধানীর ২৮টি ইমামবাড়া থেকে মোট ৬৩টি তাজিয়া মিছিল বের হয়, যার প্রতিটির জন্য আলাদা রুট নির্ধারণ করা হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। মহররম ১৪৪৮ হিজরির ১০ তারিখ কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে বিশ্বজুড়ে মুসলমানরা এদিন শোক পালন করেন। ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন রা. পরিবার-পরিজন ও ৭২ জন সঙ্গীসহ ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আত্মত্যাগকে স্মরণ করতেই এদিন মজলিস, মিলাদ, মাতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আশুরার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হোসাইনী দালানসহ গুরুত্বপূর্ণ সব ইমামবাড়া সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারির আওতায় আনা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ গাড়ি, অ্যাম্বুলেন্স ও ডুবুরি দল প্রস্তুত রাখা হয়। ধানমন্ডি লেকের কারবালা প্রান্তে বিশেষ ডুবুরি দল মোতায়েন ছিল। ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার কোনো নিশান বহন করা যাবে না।
ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে আশুরার মিছিলে ছুরি, দা, তলোয়ার, বর্শা, বল্লম, লাঠিসহ সব ধরনের ধারালো অস্ত্র এবং আতশবাজি ও পটকা বহন নিষিদ্ধ করেছে। অতীতে এসব ব্যবহারে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয় এবং ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো বস্তু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
হোসাইনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন জানান, রাজধানীতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ শিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। মূল মিছিল ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকা থেকে একাধিক তাজিয়া বের হয়। বৃহস্পতিবার রাত থেকে ইমামবাড়ায় ওয়াজ, মাতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ফজরের পর থেকেই হাজারো মানুষ জড়ো হতে শুরু করেন। আশুরা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনে কাজ করা সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। রাজনীতি ক্ষমতা ভোগ ...
ডেস্ক রিপোর্ট: দেশের সকল গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্র ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১০ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান।আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় সংস ...
সব মন্তব্য
No Comments