৭ ধাপে ৪৫৮০ ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শুরু

প্রকাশ : 14 Sep 2026
৭ ধাপে ৪৫৮০ ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শুরু

স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থানীয় সরকারের এই বড় নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং মোট ৭টি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট সম্পন্ন করা হবে। 


সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, এটি কমিশনের প্রাক-প্রস্তুতিমূলক সভার প্রাথমিক সিদ্ধান্ত, আনুষ্ঠানিক তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে। 


ঘোষিত প্রাথমিক তফসিল অনুযায়ী প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। 


প্রথম ধাপের কর্মপরিকল্পনা সম্পর্কে নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এগুলো এখনও প্রাথমিক সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। 


নির্বাচনকে সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে কমিশনের। নির্বাচন কমিশনার জানান, পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। 

সম্পর্কিত খবর

;