স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য সচিব জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে আমদানিকারক ও পরিশোধনকারীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল লিটারে ১০ টাকা বাড়ানোর। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশও ছিল ১০ টাকা বাড়ানোর পক্ষে। তবে পরিস্থিতি বিবেচনা করে সরকার ৫ টাকা সমন্বয় করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম আপাতত অপরিবর্তিত থাকবে। নতুন এই দর আজ থেকেই কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়। সেই হিসাবে চার মাসের ব্যবধানে দুই দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৯ টাকা।
নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments