স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদের সঙ্গে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রদূতের সাক্ষাত।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে মন্ত্রী দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে হাছান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। দু'দেশের মানুষের মাঝে যোগাযোগ (কানেক্টিভিটি) ও বাণিজ্যের প্রসারে আন্ত:দেশীয় রেল ও সড়ক সংযোগ স্থাপনে চলমান কাজ দ্রুত সমাপ্তির জন্য আমরা চেষ্টা করছি। সেইসাথে আন্তর্জাতিক মুদ্রার উপর নির্ভরতা কমাতে দ্বি-পাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশের টাকা ও ভারতের রুপি ব্যবহারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে উভয় দেশই উপকৃত হবে।
এর আগে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব গ্রহণে অভিনন্দন বার্তা পাঠানোর জন্য ভারত সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করকে ধন্যবাদ জানান। বিনিয়োগবৃদ্ধি, উপকূলীয় জাহাজ চলাচল, সীমান্ত হাটের (সাপ্তাহিক বাজার) সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে, সে বিষয়েও কাজ শুরু করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ২০২৩ সালকে সবচেয়ে সফল বছর হিসেবে অভিহিত করে বলেন, দু'দেশের মধ্যে যাতায়াত যোগাযোগ ও বিদ্যুৎ নিয়ে বড় কয়েকটি প্রকল্প গত বছর সমাপ্ত হয়েছে, নতুন প্রকল্পও উদ্বোধন হয়েছে। তিনি জলবায়ু পরিবর্তন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, স্টার্ট আপ উদ্যোগ, বাণিজ্য সহজীকরণ এবং আরও অনেক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার ওপর জোর দেন।
প্রণয় ভার্মা বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. হাছান মাহমুদকে পারস্পরিক সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই দিল্লি সফর করবেন বলে জানান।
পররাষ্ট্রমন্ত্রী হাছান ভারতের হাইকমিশনারকে জানান, ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়ায় তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। বিএনপি নির্বাচন প্রতিহত করতে আন্দোলন-বিক্ষোভের নামে মানুষকে ভয়-ভীতি দেখিয়েছে, মানুষ ও যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুনসন্ত্রাস করেছে, এমন কি ট্রেনে অগ্নিসংযোগ করে নির্মমভাবে নারী-শিশুসহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু মানুষ স্বত:স্ফুর্তভাবে নির্বাচনে সাড়া দিয়েছে, সারাদেশে গড়ে প্রায় ৪২ শতাংশ ভোট পড়েছে, কোথাও কোথাও ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
বিএনপি এখনও আন্দোলনের ডাক দিচ্ছে, তাদের সাথে আলোচনা হবে কি না -সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'অগ্নিসন্ত্রাস যারা করে, তাদের সাথে আলোচনা হয় না।'
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments