ভাড়া নিয়ে নৈরাজ্য ও শিডিউল বিপর্যয়
স্টাফ রিপোর্টার: ঈদের ছুটি শেষে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে লাখো মানুষ। আজ মঙ্গলবার, ২ জুন সকাল থেকে রাজধানী ঢাকামুখী মানুষের ঢল নামে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।
রেলস্টেশনের চিত্র:
ঈদের ছুটি শেষে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে কয়েকগুণ। তবে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় কাউন্টার থেকে শুধু ব্ল্যাক পেপার টিকিট (বিপিটি) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শুধু স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে, আন্তঃনগর ট্রেনের কোনো আসন দেওয়া হয়নি। ফলে যাত্রীদের দাঁড়িয়েই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন রুটে ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অনেক ট্রেন ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে স্টেশনে পৌঁছাচ্ছে।
লঞ্চঘাটে ভোগান্তি:
দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে যাত্রীবাহী লঞ্চ সদরঘাট টার্মিনালের পন্টুনে ভিড়ছে। যাত্রীরা পরিবার-পরিজন ও মালামাল নিয়ে নেমে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। তবে টার্মিনাল এলাকায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকেই সড়কে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ আবার বিকল্প হিসেবে তাঁতীবাজারসহ আশপাশের এলাকায় হেঁটে যানবাহনের খোঁজ করছেন।
ভাড়া নিয়ে অনিয়ম:
যাত্রীদের অভিযোগ, বাস, সিএনজি ও রিকশাচালকরা সুযোগ বুঝে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করছেন। চাঁদপুর থেকে আসা খায়রুন্নেছা বলেন, ‘আমি খিলক্ষেত যামু। লঞ্চ থেকে নামার পর এক ঘণ্টা দাঁড়ায়া আছি। কোনো গাড়ি পাই না। যেগুলো আছে সেগুলা ডাবল, তিন গুণ ভাড়া চায়। এত ভাড়া চাইলে পোলাপানগুলা লইয়া বাড়ি যামু কেমনে! এহন খুব কষ্টে পইড়া গেলাম।’
ফেরিঘাটে যানবাহনের চাপ:
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজার হাজার যাত্রী। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় কাজ করতে যাওয়া এসব যাত্রী ফেরি ও লঞ্চে করে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাটুরিয়া এবং পাবনার কাজিরহাট থেকে মানিকগঞ্জের আরিচা নৌপথ পারাপার করছেন। এতে পাটুরিয়া ও আরিচা ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায় ও শিডিউল বিপর্যয় ঠেকাতে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, মনিটরিংয়ের অভাবে অসাধু পরিবহন মালিক-শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করছে। কর্মস্থলে ফেরা মানুষের এই দুর্ভোগ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।শনিবার ...
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পা ...
সব মন্তব্য
No Comments