ডেস্ক রিপোর্ট: শেয়ারবাজারে চলছে বিমা খাতের দাপট। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল মঙ্গলবারের লেনদেনের প্রায় এক-চতুর্থাংশই ছিল বিমা খাতের দখলে। ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল ৭৪০ কোটি টাকা, যার মধ্যে ১৬৫ কোটি টাকা ছিল বিমা খাতের। ডিএসইতে এদিন সামগ্রিকভাবে বেশির ভাগ শেয়ারের দরপতন হলেও বিমা খাতের সংখ্যাগরিষ্ঠ কোম্পানিরই দাম বেড়েছে। এমনকি মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ৮টিই ছিল বিমা কোম্পানি।
একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর দুই দিন ধরে বাজারে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে। কারণ, কিছুটা মূল্যবৃদ্ধির পর এখন অনেকে মুনাফা তুলে নিচ্ছেন। এ কারণে বিক্রির প্রবণতা বেড়েছে। এতে গতকাল দরপতন ঘটেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩৮০ প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টিরই দাম কমেছে, বেড়েছে ১১৪টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এমনিতে বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা রয়েছে। তার মধ্যে বাজেট নিয়ে বিনিয়োগকারীদের কারও কারও মধ্যে রয়েছে একধরনের অনিশ্চয়তা। এ অনিশ্চয়তা থেকে কেউ কেউ মুনাফা তুলে নিয়ে বাজার পর্যবেক্ষণ করছেন। তাঁরা হয়তো বাজেটের পর নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। বিনিয়োগ কমে যাওয়ায় বাজারে লেনদেনও কমে গেছে। গতকাল দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৩৪ কোটি টাকা কম।
এদিকে বাজারে গতকালও দাপুটে অবস্থান ধরে রেখেছে বিমা কোম্পানিগুলো। এ খাতের লেনদেন হওয়া ৫৩ কোম্পানির মধ্যে দাম কমেছে ৫টির, আর অপরিবর্তিত ছিল ২টির। বাকি ৪৬টিরই দাম বেড়েছে গতকাল। এদিন ডিএসইতে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল মোট ১১৪ কোম্পানি। তার মধ্যে ৪৬টিই ছিল বিমা খাতের। হঠাৎ করে বিমা খাতের শেয়ারের এমন মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিমার শেয়ারের দাম অনেক কমে গিয়েছিল। তাই এখন একটি গোষ্ঠী আবার নতুন করে এ খাতের শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করছে।
ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা বিমা খাতের কোম্পানিগুলো হলো পাইওনিয়ার ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, প্রগতি ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স ও রিলায়েন্স ইনস্যুরেন্স। এসব কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে আবার প্রভাতী ইনস্যুরেন্স লেনদেনের দিক থেকেও শীর্ষ তিনে ছিল। এদিন কোম্পানিটির প্রায় ২৪ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকায়।-প্রথম আলো
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments