৩০ জুনের মধ্যে পাস
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
চিফ হুইপ বলেন, “১১ জুন বাজেট উত্থাপন করা হবে। এরপর সকাল-বিকেল সেশন বসবে। আর ৩০ জুনের মধ্যে বাজেট পাস হবে।” তিনি আরও জানান, বাজেট অধিবেশন সামনে রেখে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারি দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামীকাল রোববার, ৭ জুন বিকেল ৩টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।
এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট উত্থাপনের পর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। ঐতিহ্য অনুযায়ী সংসদ সদস্যরা খাতওয়ারি আলোচনায় অংশ নেবেন। এরপর অর্থবিল ও নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ৩০ জুনের মধ্যে বাজেট পাসের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।
চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন ও নতুন বাজেটের রূপরেখা নিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, “তলানিতে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বড় বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনের ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়। এর মধ্যে ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ ও ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ উল্লেখযোগ্য।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments