ভোটের তারিখও জানে না সরকার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশ : 15 Sep 2026
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছুই জানে না।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ও তফসিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


ইসির ঘোষিত সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।


নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোট হবে। চট্টগ্রাম ও কুমিল্লায় উপজেলা বেশি থাকায় সেখানে তিনটি করে উপজেলায় এবং যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে সেসব জেলায় দুটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৮০টি। পর্যায়ক্রমে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।


ইসি জানিয়েছে, উল্লেখিত তারিখগুলো এখনো সম্ভাব্য। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরই ভোটের চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে। ইউনিয়ন পরিষদ ছাড়াও পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।


সম্পর্কিত খবর

;