স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি বেইজিং সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটিই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলামসহ ২৭ থেকে ২৮ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারি সূত্র জানায়, শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করাই এ সফরের মূল লক্ষ্য। সফরে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার কথা রয়েছে।
বৈঠকে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, সিন্ডিকেটমুক্ত কর্মী প্রেরণ ব্যবস্থা চালু, অনিয়মিত কর্মীদের বৈধ করার সুযোগ সৃষ্টি, আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী এই সফরের দিকে তাকিয়ে আছেন।
মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ও বৃত্তির সুযোগ বৃদ্ধির দাবি জানিয়েছেন। ব্যবসায়ী মহল হালাল শিল্প, প্রযুক্তি, কৃষি ও উৎপাদন খাতে নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের আশা করছে।
মালয়েশিয়া সফর শেষে ২২ জুন চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তা প্রকল্পও আলোচ্যসূচিতে থাকবে।
আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠেয় ‘সামার দাভোস ফোরাম’-এ অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যের এ সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশ নেবেন।
আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার চার মাসের মাথায় প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলন করে মালয়েশিয়া বিএনপি। এতে বাংলাদেশ থেকে আগত গণমাধ্যমকর্মী ছাড়াও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সংগঠনের নেতারা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। সেই মালয়েশিয়াতেই আজ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার রাষ্ট্রীয় সফরে গেলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে আঞ্চলিক কূটনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বার্তা দিতে চাইছে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, টেকসই উন্নয়ন ...
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে কমিটির সদস্যরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অত ...
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার, ২১ জুন তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যা ...
সব মন্তব্য
No Comments