দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্যসহ জমে থাকা ময়লা সময়মতো অপসারণ না হওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে তাঁর বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে তাঁদের নিয়ে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা সরেজমিনে দেখেন। এসব এলাকায় কোরবানির পশুবর্জ্যসহ ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আকস্মিক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে দুজনকেই সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ৩০ ও ৩১ মে (শনিবার ও রোববার) এই ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার সব ময়লা-আবর্জনা পরিষ্কার, পানিনিষ্কাশনের পথ সচল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই সময়ের মধ্যে কাজে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আরও ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মীর শাহে আলম ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য।
সাভার (ঢাকা) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।শনিবার ...
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পা ...
সব মন্তব্য
No Comments