ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সাবেক ছাত্রনেতাদের বিবৃতি

প্রকাশ : 14 Sep 2026
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সাবেক ছাত্রনেতাদের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। তারা ডাকসু সংগ্রহশালা থেকে অবিলম্বে জিন্নাহর ছবি অপসারণের দাবি জানিয়েছেন।


রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে তারা বলেন, “জিন্নাহকে যারা স্মরণ করে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি।”


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পর থেকে একটি চিহ্নিত গোষ্ঠী আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গৌরবের ইতিহাসকে বিকৃতি ও প্রতিস্থাপন করতে মরিয়া হয়ে আছে। মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াত-শিবির ও তার সহযোগীরাই আজ ইতিহাসকে পুনঃস্থাপনের মতো দুঃসাহস দেখাচ্ছে। এর পেছনে শক্তি জুগিয়েছে বিগত ইউনূস সরকার।


তারা অবিলম্বে এই চিহ্নিত শক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এদের এখনই শক্ত হাতে প্রতিহত না করলে তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে আরও মরিয়া হবে। এখনই সময় তাদের রুখে দেওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সংগ্রামী শিক্ষার্থীকে এই হীন চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান তারা।


বিবৃতিতে স্বাক্ষরদানকারীরা হলেন— ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, হাসান তারিক চৌধুরী সোহেল, শরিফুজ্জামান শরীফ, লুনা নূর, সামছুল আলম সজ্জন, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, এস এম শুভ, হাসান তারেক, লাকী আক্তার, জিএম জিলানী শুভ, মেহেদী হাসান নোবেল, ফয়েজউল্লাহ, দীপক শীল প্রমুখ।

সম্পর্কিত খবর

;