স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তিনি বলেন, বাংলাদেশ যদি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তির জোগান বাড়াতে না পারে, তাহলে বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপনকালে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিশটি গ্রহণ না করলেও বিষয়টির ওপর দুই মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এ সময় নিলুফার চৌধুরী মনি বলেন, কথায় আছে, গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে এই খাত থেকে জিডিপিতে প্রায় ৭ শতাংশ অবদান এসেছে। তিনি বলেন, প্রতি বছর প্রায় ১০ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু তাদের অধিকাংশই অদক্ষ ও স্বল্পশিক্ষিত। অন্যদিকে বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ছে, ফলে কম দক্ষ শ্রমিকের চাহিদা ক্রমেই কমে আসছে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ইতিহাস তুলে ধরে বিএনপির ওই সংসদ সদস্য বলেন, আশির দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ যাত্রার সূচনা হয়েছিল। মধ্যপ্রাচ্যের এক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের বিপুল জনশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হয়েছে।
নিলুফার চৌধুরী মনি বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছেন। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কর্মক্ষম ও দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। তিনি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কীভাবে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। কারণ দক্ষ মানবসম্পদই ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। তাই আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এখনই দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার বিস্তার ঘটাতে হবে। অন্যথায় দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস ঝুঁকির মুখে পড়তে পারে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments