স্ত্রী প্রবাসে যেতেই ৩ সন্তানকে নিয়ে বাবার বিষপান

প্রকাশ : 19 Sep 2026
স্ত্রী প্রবাসে যেতেই ৩ সন্তানকে নিয়ে বাবার বিষপান

সিলেট অফিস: স্ত্রী সৌদি আরবে যাওয়ার তিন দিনের মাথায় সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।


নিহতরা হলো - রজনীলাইন গ্রামের সরাফত আলী (৩৫) এর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বাবা সরাফত আলী।


যেভাবে ঘটনা জানাজানি:

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।


শুক্রবার রাতে সরাফত আলী তার তিন সন্তানকে নিয়ে নিজ বসতঘরে ঘুমাতে যান। রাত ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন বলে ধারণা করা হচ্ছে।


বিষপানের পরপরই সরাফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে মোবাইল ফোনে কল দিয়ে ঘটনাটি জানান এবং পরিবারের সবার কাছে ক্ষমা চান। পরে ওই ফুফু বাড়িতে থাকা সরাফতের ছোট ভাই রহমত আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।


প্রথমে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, "তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"


বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুব ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষপানের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে।


সম্পর্কিত খবর

;