রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বভাস, দিনের তাপমাত্রা বাড়তে পারে

প্রকাশ : 19 Sep 2026
রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বভাস, দিনের তাপমাত্রা বাড়তে পারে

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ১২ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।


আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে।


সম্পর্কিত খবর

;