স্টাফ রিপোর্টার: আজ ৯ই ফেব্রুয়ারি ২০২৫ রবিবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ৯ম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৯৭টি।
আলোচনা অনুষ্ঠান
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশগ্রহণ করেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।
প্রাবন্ধিক বলেন, কবি হিসেবে মাকিদ হায়দারের আত্মপ্রকাশ গত শতাব্দীর ষাটের দশকে। তাঁর নিকট-অতীত ও সমকালীন কবিদের রচনায় রোমান্টিক আবেগ প্রকাশের যে ধারা গড়ে উঠেছিল, তার অনুগামী না-হয়ে নিজস্ব পৃথক একটি ধারা গড়ে তোলার চেষ্টায় তিনি ব্যাপৃত থেকেছেন। তিনি এমন এক বর্ণনারীতির চর্চা করেছেন যা ষাটের দশকের কবিতায় খুব কমই দেখা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত নিরাভরণ কিন্তু অর্থবোধক সারল্যের অনুশীলন করেছেন তিনি। তাঁর অধিকাংশ কবিতাই আখ্যানের প্রাথমিক উপাদান বা গল্পের প্রধান শর্তবৈশিষ্ট্য নিয়ে রচিত।
আলোচকদ্বয় বলেন, কবি মাকিদ হায়দারের কবিতায় গদ্যের যে ভূমিকা ছিল, তা আধুনিক কাব্যধারার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জটিল শব্দ ও বাক্য ব্যবহার না করে তিনি তাঁর কবিতায় সহজবোধ্য ভাষা ও বাক্যরীতির প্রয়োগ ঘটিয়েছেন। ফলে তাঁর কবিতা সহজেই পাঠকের হৃদয় স্পর্শ করতে পারে। ব্যক্তি হিসেবে কবি মাকিদ হায়দার ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও মানবিক প্রকৃতির। তাঁর কাব্যরূপ, কাব্যভাষা অধিকতর গবেষণার দাবি রাখে।
সভাপতির বক্তব্যে আতাহার খান বলেন, পারিবারিকভাবে সাহিত্য-সংস্কৃতির আবহে বেড়ে ওঠা মাকিদ হায়দার তাঁর সমকালীন কবি সাহিত্যিকদের থেকে ভিন্নমাত্রায় নিজেকে উপস্থাপন করেছিলেন। আরোপিত রূপ বা আড়ালের আশ্রয় না নিয়ে স্পষ্ট এবং প্রচলিত ভাষাতেই তিনি কাব্য রচনা করেছেন। তাঁর কবিতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যজগৎকে সমৃদ্ধ করেছে।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- আবু সাঈদ খান এবং পাভেল পার্থ, সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ এবং আফরোজা পারভীন। আজ ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্যসংগঠন ‘বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা)’—এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি এবং শাহনাজ নাসরীন ইলা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), রবিনস্ চৌধুরী (কী-বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) এবং ফিরোজ খান (সেতার)।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সোমবার। অমর একুশে বইমেলার ১০ম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশগ্রহণ করবেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments