রয়টার্সের প্রতিবেদন
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি দেখেছে। ২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটাই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্স উল্লেখ করেছে।
চিঠিটি পাঠানো হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে আবেদন দ্রুত প্রক্রিয়া করার অনুরোধ জানিয়ে বলা হয়, বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের অধীন বাধ্যবাধকতা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া উচিত। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ আবেদন ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনের অবসানের দুই বছরের বেশি সময় পর তিনি ভারতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তিনি রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফেরার তারিখ ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি নির্বাসন থেকে অভিযোগ অস্বীকার করেছেন। তার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। দলের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন অথবা ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছা নির্বাসনে আছেন।
এদিকে সরকারের পক্ষ থেকে এর আগে পাসপোর্ট না দেওয়ার অবস্থান জানানো হয়েছিল। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, সরকার তার ফেরা সহজ করতে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। তিনি বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বহিঃসমর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে। গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছিলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সব প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে এবং ভারত চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেবে বলে সরকার আশা করে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, হাসিনার ফেরা বাংলাদেশে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্কের উন্নতিও হতে পারে, কারণ তাকে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। তবে ফেরার তারিখ, পাসপোর্ট ইস্যু হবে কিনা এবং ভারতের ভূমিকা কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments