স্টাফ রিপোর্টার: প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি সেবা খাত উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেছেন, এখনই সময় একসাথে কাজ করার। একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই দীর্ঘমেয়াদি সেবা (লং-টার্ম কেয়ার) ব্যবস্থা গড়ে তোলা শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং কমিউনিটির শক্তিশালী অংশীদারিত্ব ও অংশগ্রহণ প্রয়োজন।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘টুওয়ার্ডস অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল লং-টার্ম কেয়ার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের নীতি সংলাপে এ সব কথা বলেন তিনি। বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই দীর্ঘমেয়াদি সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং আয়াত এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত সংলাপ সঞ্চালনা করেন আয়াত এডুকেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত আমান। সংলাপে বাংলাদেশের প্রবীণ হতে থাকা জনসংখ্যার জন্য একটি সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই দীর্ঘমেয়াদী সেবা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সরকার কেয়ারগিভিং খাতকে সামাজিক সহায়তা ও অর্থনৈতিক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করেছে। এই খাতে বিনিয়োগের মাধ্যমে আমরা বয়স্ক জনগোষ্ঠীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে চাই, তেমনি দেশের মানুষের জন্য দক্ষ কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে চাই।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ সেবার ক্ষেত্রে মান, মর্যাদা এবং মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বয়স্কদের জন্য সেবা বা পরিচর্যাই হচ্ছে শ্রেষ্ঠ ওষুধ। আমাদের পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার পাশাপাশি পেশাদার সেবা কার্যক্রমের একটি মজবুত ভিত্তি গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশে প্রশিক্ষিত নার্স ও সেবাদানকারীর তীব্র সংকট রয়েছে। এটি মোকাবিলায় প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় বিনিয়োগ প্রয়োজন। দীর্ঘমেয়াদী সেবা নীতিমালায় সেবা গ্রহীতা ও সেবাদানকারী, উভয়ের সুরক্ষা, স্বীকৃতি ও সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বাংলাদেশকে একটি ভবিষ্যতমুখী সেবা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি পরিবার ও কমিউনিটি-ভিত্তিক সেবা ব্যবস্থা জোরদার করা, লিঙ্গ সমতা এগিয়ে নেওয়া এবং সেবা খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী সেবা খাতে বিনিয়োগ বাংলাদেশের ‘সিলভার ইকোনমি’ বা বয়স্ক অর্থনীতির বিকাশে সহায়ক হতে পারে, যা একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
সংলাপে তিনটি বিষয়কে মূল অগ্রাধিকার চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে, লিঙ্গ-সংবেদনশীল নীতিমালার মাধ্যমে নারীদের ওপর অবৈতনিক পরিচর্যার অসম বোঝা লাঘব করা, সেবা গ্রহণকারী ও সেবাদানকারী—উভয়কে বিবেচনায় নিয়ে মানুষ-কেন্দ্রিক পদ্ধতি গ্রহণ করা এবং জনশক্তি উন্নয়ন, সেবা প্রদান এবং অর্থায়ন ব্যবস্থাসহ সেবা অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি করা।
সংলাপে বেসরকারি খাতের অংশগ্রহণকারীরা অংশগ্রহণকারীরা মান নিয়ন্ত্রণ, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে স্পষ্ট ও সমন্বিত নীতিমালার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, একটি টেকসই দীর্ঘমেয়াদী সেবা ব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ আকৃষ্ট ও সেবার পরিধি বাড়াতে একটি স্পষ্ট ব্যবসায়িক রূপরেখা প্রয়োজন। তারা উল্লেখ করেন, প্রয়োজনীয় নীতিমালা ও আইনি কাঠামোর অভাব বেসরকারি খাতের সম্পৃক্ততার ক্ষেত্রে বড় বাধা হিসেবে রয়েছে। বেসরকারি খাতকে শুধুমাত্র সেবাদাতা হিসেবে নয়, বরং একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত সেবা বাজারের বিকাশকারী হিসেবে ভূমিকা রাখতে হবে।
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।আর ...
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
সব মন্তব্য
No Comments