ক্যান্ডিতে অনুষ্ঠিত হলো ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরামের ৬ষ্ঠ সভা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয়েছে সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরাম (এসএলডিএফ)-এর ষষ্ঠ সভা।
শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী এই সভায় সার্কভুক্ত দেশগুলোর ভেটেরিনারি ল্যাবরেটরির পরিচালক, বিশেষজ্ঞ ও কারিগরি কর্মকর্তারা অংশ নেন। সার্ক সচিবালয় এবং শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই সভার আয়োজন করে। এর আগে ফোরামের পঞ্চম সভা ২০১৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল।
সভার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. বি.এস.এস. পেরেরা। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থা অপরিহার্য। উদীয়মান ও সীমান্ত অতিক্রমকারী পশুরোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন রয়েছে।
সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী বলেন, সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরাম সদস্য দেশগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি রোগ নির্ণয়ের মানদণ্ডের সামঞ্জস্যতা, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা জোরদার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সার্ক সচিবালয়ের পক্ষে বক্তব্য দেন কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ড বিভাগের পরিচালক তানভীর আহমেদ তরফদার। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো অভিন্ন প্রাণিসম্পদজনিত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং শক্তিশালী ল্যাবরেটরি নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফোরামের চেয়ারম্যান এবং নেপালের প্রতিনিধি ড. বরুণ শর্মা সভার উদ্বোধন ঘোষণা করেন। তিনি সদস্য দেশগুলোর জাতীয় ল্যাবরেটরিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে রোগ নির্ণয় সক্ষমতা, জৈবঝুঁকি ব্যবস্থাপনা এবং কারিগরি দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী সভায় পূর্ববর্তী এসএলডিএফ এবং সার্ক চিফ ভেটেরিনারি অফিসার্স ফোরামের সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া ল্যাবরেটরি পরিচালকদের সক্ষমতা উন্নয়ন ও নেটওয়ার্কিং কাঠামো, আঞ্চলিক কারিগরি উপদেষ্টা গ্রুপের (ল্যাব-ট্যাগ) খসড়া কার্যপরিধি এবং সদস্য দেশগুলোর ল্যাবরেটরি সক্ষমতা, রোগ নির্ণয়, গুণগত মান নিশ্চিতকরণ ও জৈবঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দেশভিত্তিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
সভায় দক্ষিণ এশিয়ায় ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক অগ্রাধিকার, উদীয়মান চ্যালেঞ্জ, ল্যাবরেটরি নেটওয়ার্কিং, রোগ নির্ণয়ের মানদণ্ডের সামঞ্জস্যতা, সক্ষমতা উন্নয়ন এবং বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH) ও খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে আঞ্চলিক ভেটেরিনারি ল্যাবরেটরি সহযোগিতা আরও জোরদার করা এবং পশুরোগ মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments