মক্কায় ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

প্রকাশ : 17 Sep 2026
মক্কায় ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।


বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে এবং সেগুলো রক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।


বাংলাদেশ জোর দিয়ে বলেছে, পবিত্র স্থানগুলো নিরাপদ এবং সম্পূর্ণরূপে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।


আন্তর্জাতিক গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন মক্কার কাছে আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়। তিনি এটিকে মক্কাকে লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় প্রচেষ্টা বলে উল্লেখ করেন এবং বলেন, দুই পবিত্র মসজিদ ও হাজীদের নিরাপত্তা একটি ‘রেড লাইন’।


তবে হুথি গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার তাদের সামরিক মুখপাত্র বলেন, মক্কাকে টার্গেট করার দাবি ‘জঘন্য মিথ্যা’।


এ ঘটনায় ওআইসিসহ মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ওআইসি মহাসচিব এক বিবৃতিতে এ হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, পবিত্র স্থান ও মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং নিরীহ বেসামরিকদের মধ্যে ভয় সৃষ্টি করে এমন কাজ ইসলামি মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।


বাংলাদেশ ছাড়াও ইয়েমেন, জর্ডান ও মালয়েশিয়াও এ ঘটনার নিন্দা জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও এই নিন্দা জানিয়ে টুইট করা হয়।

সম্পর্কিত খবর

;