তারল্য সংকট
ডেস্ক রিপোর্ট: তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে মোট ৭ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদুল আজহার পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়লে গভীর নগদ সংকটে পড়ে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক এই ব্যাংক। গ্রাহক চাহিদা অনুযায়ী নগদ দিতে ব্যর্থ হওয়া ও বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ অনুপাত সিআরআর পূরণে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্র জানায়, ১৪ জুন রবিবার সকালে প্রথম কিস্তিতে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়। সোমবার ১৫ জুন দ্বিতীয় কিস্তিতে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা এবং বুধবার ১৭ জুন তৃতীয় কিস্তিতে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা ইসলামী ব্যাংকের চলতি হিসাবে জমা করে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ দিয়ে চেক ক্লিয়ারিং ও গ্রাহক লেনদেন চালু রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংকটের শুরু ২৪ মে, ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে। সেদিন তৎকালীন চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকেই ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে গ্রাহকদের একটি অংশ বিক্ষোভ শুরু করে। তাদের সাত দফা দাবির মধ্যে নতুন চেয়ারম্যানের পদত্যাগ অন্যতম। বিক্ষোভের জেরে আতঙ্কিত হয়ে বিপুল সংখ্যক গ্রাহক আমানত তুলে নিতে শুরু করেন।
ইসলামী ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “নগদের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। আমানত প্রায় আসছেই না, অথচ সবাই টাকা তুলতে চাইছে। এই অবস্থা চলতে থাকলে শাখা বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না। গ্রাহক আস্থা ফেরাতে দ্রুত সিদ্ধান্ত দরকার।” কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৯ জুন পর্যন্ত মাত্র ৯ দিনে ব্যাংকটি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এর মধ্যে ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমে ৪ হাজার ২০৪ কোটি টাকা এবং পরের দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা। এতে বিভিন্ন শাখা ও এটিএম বুথে নগদ সংকট দেখা দেয়।
সংকট সামাল দিতে ১৪ জুন শনিবার বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ বাতিল করে। ব্যাংক কোম্পানি আইনের ৪৭(৩) ধারায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি বোর্ডের সব ক্ষমতা প্রয়োগ করবেন। রবিবার ১৫ জুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, “সম্পূর্ণ নিরপেক্ষ একটি বোর্ড গঠনের কাজ চলছে। গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। লেনদেন স্বাভাবিক থাকবে।” তিনি জানান, গতকালের পাওয়া ২ হাজার ৫০০ কোটি টাকা এখনো ব্যবহার করতে হয়নি।
গভর্নর মোস্তাকুর রহমান ১২ জুন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বলেছিলেন, “ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কাটবে। আমানতকারীরা টাকা তুলতে কোনো সমস্যায় পড়বেন না। জরুরি যা তারল্য সহায়তা দরকার, তা দেওয়া হবে।” কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় এই সহায়তা দেওয়া হয়েছে।
বর্তমানে ইসলামী ব্যাংকের পাঁচজন পরিচালকই কেন্দ্রীয় ব্যাংক মনোনীত স্বতন্ত্র পরিচালক। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হয়। তবে ব্যাংকের ৫০ শতাংশের বেশি ঋণ এখন খেলাপি, যার বড় অংশ নামে-বেনামে এস আলম গ্রুপের। দুদক ১০ হাজার ৫০০ কোটি টাকার ঋণ অনিয়মে ৬৭ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম রেমিট্যান্স আহরণকারী ব্যাংক। প্রবাসী আয়ের প্রণোদনা বাবদ ব্যাংকটির সরকারের কাছে পাওনা আছে প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকা। এই অর্থ দ্রুত ছাড় হলে তারল্য চাপ কিছুটা কমত। আপাতত কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৭ হাজার কোটি টাকার বিশেষ ধারে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসক জানিয়েছেন, শিগগিরই ডিজিটাল সেবা সেলফিনসহ সব চ্যানেল চালু হবে।
ডেস্ক রিপোর্ট: দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে বড় জয় পেয়েছে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কনশাস রিলায়েন্স ফোরাম। নির্বাচনে ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রেডমি প্যাড ২ উন্মোচন করেছে। ডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জীবন ও স্বাস্থ্যবিমা সুরক্ষা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটে ...
ডেস্ক রিপোর্ট: নারী ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। আজ সোমবার (১৫ জুন, ২০২৬) রাজধানীর বনানীর ‘বা ...
সব মন্তব্য
No Comments