হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ও প্রত্যর্পণ ‘আইনি ও কারিগরি বিষয়’: ভারত

প্রকাশ : 10 Nov 2026
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ও প্রত্যর্পণ ‘আইনি ও কারিগরি বিষয়’: ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।


মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবরে উঠে এসেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান ওই সাংবাদিক।


জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’ প্রত্যর্পণের জন্য পাসপোর্ট অপরিহার্য কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি একটি কারিগরি প্রশ্ন করছেন। এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’


সপ্তাহিক এই ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘স্বাভাবিকভাবেই, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টিও সে রকম। তবে এটি কারিগরি বিষয়।’


তবে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায় কোনো ভূমিকা রাখতে পারে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান কী, তা জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।’ তিনি আরও বলেন, ‘এটি মূলত এমন একটি প্রশ্ন, যা বাংলাদেশ হাইকমিশনকে করাই ভালো। তারা এ বিষয়ে তাদের ধারণা জানাতে পারবে।’


এ ছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’


এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। গত সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। তার এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এসব তথ্য জানা গেছে।


রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠান। চিঠিতে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে কাগজপত্র দ্রুত দেওয়ার অনুরোধ জানানো হয়।


এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদনের বিষয়ে কঠোর অবস্থান জানানো হয়েছে। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ‘দণ্ডপ্রাপ্ত ও পলাতক সন্ত্রাসী’কে পাসপোর্ট দেয় না। তবে তিনি স্পষ্ট করেননি, হাসিনাকে একমুখী ভ্রমণ অনুমতি দেওয়া হবে কি না। বাংলাদেশ সরকার নয়াদিল্লিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে।


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। একটি আইনি প্রতিষ্ঠান এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। তবে আবেদন সংশ্লিষ্ট ব্যক্তিকেই করতে হয় বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, হাসিনা নিজেই ফিরতে চাওয়ায় প্রত্যর্পণ আইনে সরকার কোনো জটিলতা দেখছে না। তার ভাষায়, ‘তিনি নিজেই বলবেন, আমাকে প্রত্যর্পণ করো।’


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার বলেন, রায়ের বিরুদ্ধে আপিলের ৩০ দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় হাসিনার রায় চ্যালেঞ্জ করার আর কোনো আইনি সুযোগ নেই বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘তিনি যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চাইতেন, তাহলে বিচার চলাকালীনই ফিরে এসে মামলার মুখোমুখি হতেন।’


প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে বিচারে ২০২৪ সালের জুলাই-আগস্টের দমন-পীড়নের ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের হিসাবে ওই সময়ের সহিংসতায় ১ হাজার ৪০০ জনের মতো নিহত হন।


অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কয়েক দফায় আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। এবার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তার দেশে ফেরার বিষয়টি নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।


আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, হাসিনা ডিসেম্বরে কাগজপত্রসহ বা ছাড়াই দেশে ফিরবেন। তবে কাগজপত্র না পেলে কীভাবে ফিরবেন, সে বিষয়ে দল বা হাসিনার পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তার সহযোগীরা বলছেন, তিনি শিগগিরই তার পরিকল্পনা বিস্তারিতভাবে জানাবেন।



সম্পর্কিত খবর

;