ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন করলো ব্র্যাক ব্যাংক

প্রকাশ : 19 Sep 2026
ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন করলো ব্র্যাক ব্যাংক

স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে, যা দেশ ও আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফ দীর্ঘদিন ধরে ডেনমার্কভিত্তিক বহুজাতিক কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। নভো নরডিস্ক বিশ্বের শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি। এই অংশীদারত্বের আওতায় এসকেএফ ভায়াল ও পেনফিল উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিস রোগীদের মানসম্মত ইনসুলিন প্রাপ্তি নিশ্চিত করছে।


ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এসকেএফ বর্তমানে তাদের তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। নতুন এই লাইন চালু হলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। ব্র্যাক ব্যাংকের এই অর্থায়ন বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়েছে।


এই উদ্যোগের ফলে শুধু জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বাড়বে না, দেশের সামগ্রিক উৎপাদন সক্ষমতাও শক্তিশালী হবে। এটি স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে এবং ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।


এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফ-এর উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।”


ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদন শিল্পে বিস্তৃত। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি অর্থায়ন সুবিধা বাড়িয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

;