সব ম্যাচে বাধ্যতামূলক ৩ মিনিটের বিরতি
স্টাফ রিপোর্টার : আধুনিক ফুটবলের নিয়মে বড় পরিবর্তন এনে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি অর্ধে প্রায় ২২ মিনিটে তিন মিনিটের জন্য খেলা থামিয়ে খেলোয়াড়দের পানি পানের সুযোগ দিতে হবে। আবহাওয়া গরম বা ঠান্ডা, স্টেডিয়ামে ছাদ থাকুক বা না থাকুক, শীতাতপ নিয়ন্ত্রিত ভেন্যু হলেও প্রতিটি ম্যাচেই এই বিরতি থাকবে।
এর আগে বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে শুধুমাত্র তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রেফারির বিবেচনায় ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। ২০২২ কাতার বিশ্বকাপেও শর্তসাপেক্ষে এই বিরতি ছিল। তবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ থেকে ফিফা সব ম্যাচেই এই নিয়ম বাধ্যতামূলক করেছে। ফিফার প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানোলো জুবিরিয়া জানিয়েছেন, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই কোনো শর্ত ছাড়াই প্রতি ম্যাচে দুই অর্ধে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে। রেফারি বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করার পর থেকে আবার খেলা শুরু পর্যন্ত সময় ধরা হবে তিন মিনিট।
খেলোয়াড়দের কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষাকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে দেখাচ্ছে ফিফা। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কয়েকটি ম্যাচে অতিরিক্ত গরম ও আর্দ্রতায় খেলোয়াড়রা সমস্যায় পড়েছিলেন। গরম ও ক্লান্তিজনিত ইনজুরির ঝুঁকি কমাতে এবং পারফরম্যান্স ধরে রাখতে নিয়মিত পানি পানের সুযোগ দিতেই নতুন এই ব্যবস্থা। একই সঙ্গে ১০টি ভেন্যুতে অতিরিক্ত তাপজনিত ঝুঁকি থাকায় সব ম্যাচে সমান বিরতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নিয়ম নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, তিন মিনিটের বিরতি কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোচরা এই সময়ে ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করে খেলোয়াড়দের নতুন নির্দেশনা দিতে পারবেন। এতে ৪৫ মিনিটের অর্ধ কার্যত দুই ভাগে ভাগ হয়ে যাবে, যা খেলার গতিতে পরিবর্তন আনতে পারে। দক্ষিণ কোরিয়া বনাম আইভরি কোস্টের প্রীতি ম্যাচে দেখা গেছে, হাইড্রেশন ব্রেকের পর আইভরি কোস্ট কৌশল পাল্টে দুই গোল দেয়।
অন্যদিকে সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলো এই বিরতিকে বিজ্ঞাপনের নতুন সুযোগ হিসেবে দেখছে। ফক্স, সিবিএসের মতো চ্যানেলগুলো তিন মিনিটের বিরতিতে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। যদিও ফিফার নিয়ম অনুযায়ী রেফারি বাঁশি বাজানোর ২০ সেকেন্ড পর বিজ্ঞাপন শুরু করতে হবে এবং খেলা শুরুর অন্তত ৩০ সেকেন্ড আগে তা শেষ করতে হবে। অনেক দর্শক বলছেন, ফুটবলের নিরবচ্ছিন্ন গতির সঙ্গে এটি মানানসই নয় এবং খেলাটি যুক্তরাষ্ট্রের চার কোয়ার্টারের খেলার মতো হয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনো এই নিয়মের সমালোচনা করে বলেছেন, ২১-২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে এই বিরতি খেলার ছন্দ নষ্ট করে। তবে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া একে ইতিবাচকভাবে দেখছেন, কারণ কোচরা কৌশল নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন।
২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হওয়া ৪৮ দলের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচেই এই নিয়ম কার্যকর হবে। খেলার সময় না কমিয়ে বিরতির সময়টুকু ইনজুরি টাইম হিসেবে যোগ করা হবে। ফিফা জানিয়েছে, খেলোয়াড়দের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ, তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি কৌশল আর বাণিজ্যের নতুন লড়াইও শুরু হলো হাইড্রেশন ব্রেককে ঘিরে।
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকাপে চমক দেখাল মরক্কো। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ...
স্টাফ রিপোর্টার: ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ক্রিকেট বা ফুটবল—কোনো জায়গাতেই অনিয়ম করে পার পাওয়ার সুযোগ থাকবে না।শুক্রবার ১৩ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ শুক্রবার দুটি ম্যাচে নাটকীয় ফল এসেছে। স্বাগতিক কানাডা টরন্টোর বিএমও ফিল্ডে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল নাটকীয়তা। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি তিনবার পকেট থেকে লাল কার্ড বের কর ...
সব মন্তব্য
No Comments