৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিল মন্ত্রিসভা

প্রকাশ : 11 Jun 2026
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিল মন্ত্রিসভা

স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।


বৈঠক শেষে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন পেয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অর্থ বিলে স্বাক্ষর করার পর আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।


এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সংসদে প্রথম বাজেট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংসদ না থাকায় উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছিল। রাষ্ট্রপতির সম্মতির পর নির্দিষ্টকরণ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।


জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় তখন সংসদের বাইরে ভিন্ন প্রক্রিয়ায় বাজেট উপস্থাপন করতে হয়েছিল। গত ২ জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়।


নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে আজকের উপস্থাপনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অপেক্ষায় পুরো দেশ।

সম্পর্কিত খবর

;