২০২৬-২৭ অর্থবছর
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কম রাখার সমালোচনা করেছে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর নেতারা এক যৌথ বিবৃতিতে প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দেন। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ ১২ দলের নেতারা বলেন, প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি বাজেট দেশি-বিদেশি ঋণ থেকে পূরণ করা হবে। এই বিশাল বাজেটে নতুন কর্মসংস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ জনকল্যাণ খাত অবহেলিতই রয়ে গেছে। কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে, অথচ সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা বাড়ানো হয়েছে। তারা লুটেরা ধনিক শ্রেণি ও আমলা তোষণের নীতি থেকে বেরিয়ে এসে গণআকাঙ্ক্ষা অনুযায়ী জনকল্যাণের বাজেট প্রণয়নের আহ্বান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রস্তাবিত বাজেটকে ‘কথার ফুলঝুরি, রাজনৈতিক চমকবাজী ছাড়া আর কিছুই নয়’ বলে আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে দলটি বলে, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রাক্কলন অবাস্তব ও অর্জনযোগ্য নয়। ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি পূরণে বৈদেশিক ও দেশীয় ব্যাংক ঋণের আশা অর্থনীতিকে আবার পরনির্ভরতা ও ঋণগ্রস্ততার দিকে নিয়ে যাবে। বিপর্যস্ত রাজস্ব প্রশাসন দিয়ে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য আকাশকুসুম কল্পনা। সুশাসন ও আইনের শাসনের অনুপস্থিতিতে সিন্ডিকেট দমনে ব্যর্থতা মূল্যস্ফীতি কমানোর ইচ্ছাকে মূল্যহীন করে দেবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে স্বাগত জানাতে অপারগতা প্রকাশ করেছে। সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট বড় অঙ্কের হলেও বাস্তবায়নের ক্ষেত্রে অসার। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশাবাদ এতে নেই। ১ লাখ ২৭ হাজার কোটি টাকা শুধু ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রেখে আবারও আড়াই লাখ কোটি টাকা নতুন ঋণ নেওয়ার পরিকল্পনা বাজেটের অসারতা প্রমাণ করে। এই বাজেট বৈষম্য বাড়াবে।
গণফোরাম-এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেন, এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট। ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। রাজস্ব আদায়ে ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি হতে পারে। ভ্যাটের বোঝা বাড়ানো হয়েছে, যার চাপ দরিদ্র ও মধ্যবিত্তের ওপর পড়বে। মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধুঁকছে।
জাতীয় নাগরিক পার্টির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ বলেন, সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যাবে। প্রকৃত হিসাব বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে।’ দেশের অর্থনীতি যে গভীর সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা এই বাজেটে নেই। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর কোনো কর্মপরিকল্পনা নেই।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘বড় বাজেটের বড় বোঝা কি জনগণের ঘাড়েই চাপানো হবে?’ এই বাজেটে আশাবাদ আছে তবে অভিজ্ঞতার শিক্ষা নেই। ধনীদের প্রত্যক্ষ করের তুলনায় সাধারণ মানুষের ওপর পরোক্ষ কর চাপিয়ে বাজেটের টাকার সংস্থান করা হবে। ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা, ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি এবং সঞ্চয়পত্রের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব আছে। এ বছর শুধু ঋণের সুদ বাবদ শোধ দিতে হবে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা বাজেটের সবচেয়ে বড় খাত।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments