অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়তে হবে: ডা. জুবাইদা রহমান

প্রকাশ : 13 Sep 2026
অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়তে হবে: ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 


রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের দ্বিতীয় দিনে ‘সবার জন্য স্বাস্থ্যখাতে উদ্ভাবন; সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ আলোচনা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 


ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। গবেষক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, প্রতিটি নাগরিকের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসায় নজর দিতে হবে।


এ সময় তিনি ডেঙ্গু, হাম, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো মারাত্মক রোগগুলো জটিল আকার ধারণ করার আগেই প্রাথমিক স্ক্রিনিং ও সচেতনতার মাধ্যমে শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রসূতি নারী ও নবজাতকদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা এবং প্রাথমিক কেন্দ্র থেকে বিশেষজ্ঞ হাসপাতাল পর্যন্ত একটি সুসংহত রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি। হাম প্রতিরোধে ভ্যাকসিনে উৎসাহ দেওয়া এবং ক্যানসার ও ডেঙ্গু সচেতনতায় বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি বলেও তিনি উল্লেখ করেন। 


তিনি আরও বলেন, চিকিৎসক, গবেষক, ফার্মাসিউটিক্যালস ও নীতি নির্ধারকদের মধ্যে সঠিক সমন্বয় এবং সুশাসন ও জবাবদিহিতা বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।


অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে সরকার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল হেলথ সিস্টেম গড়ে তুলতে কাজ করছে এবং স্বাস্থ্যখাতে উদ্ভাবন ও গবেষণার সুযোগ প্রসারিত করতে চলতি অর্থবছরের বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখা হচ্ছে।


সম্পর্কিত খবর

;