বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাখাওয়াত আলী (৩২) বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাখাওয়াত আলী ও শাকিব ইসলাম (২৭) মতিজাপুর এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় এএসআই আরিফ, কনস্টেবল আলমগীরসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক তুলে নিয়ে প্রীতিবাজারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাখাওয়াত আলীর অভিযোগ, সেখানে তাদের তল্লাশি করে শাকিব ইসলামের মোবাইল ফোনে একটি জুয়ার অ্যাপ পাওয়া যায়। এ বিষয়কে কেন্দ্র করে তাদের ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, পরে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে শাকিব ইসলামকে বাড়ি থেকে টাকা আনার জন্য পাঠানো হয়। আর সাখাওয়াতকে হাতকড়া পরিয়ে জোগেশ মোড় হয়ে অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে মাধবপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।
সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা এবং নগদের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠানো হয়। এছাড়া পুলহাট এলাকার একটি দোকান থেকে নগদের মাধ্যমে আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়। এসব টাকা থেকে ২৯ হাজার ৬০০ টাকা উত্তোলন করে অজ্ঞাত ব্যক্তিদের হাতে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, টাকা দেওয়ার পরও তাকে ছেড়ে না দেওয়ায় ক্ষতির আশঙ্কা করেন তিনি। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর নিজের ও শাকিব ইসলামের নিরাপত্তা চেয়ে বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এএসআই আরিফ ও কনস্টেবল আলমগীরের বিরুদ্ধে এর আগে মৌখিক অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের ভিত্তিতে বিশেষ প্রতিবেদন দেওয়া হয়। পরে তাদের সাময়িক বরখাস্ত করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
ওসি আরও বলেন, পরবর্তীতে অভিযোগকারী সাখাওয়াত আলী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে চলমান তদন্তের সঙ্গে যুক্ত করা হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্ত এএসআই আরিফ ও কনস্টেবল আলমগীরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments