মানিক মিয়া এভিনিউকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেপুটি স্পিকারের

প্রকাশ : 18 Jun 2026
মানিক মিয়া এভিনিউকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেপুটি স্পিকারের

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকা আরও সবুজায়ন, পরিচ্ছন্ন রাখা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।


আজ বৃহস্পতিবার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।


ডেপুটি স্পিকার বলেন, “জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগম স্থল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থী, পথচারী, সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষ প্রতিদিন এ এলাকায় আসেন। তাই এ স্থানকে আরও পরিচ্ছন্ন, পরিবেশ ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”


তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় সাধারণ মানুষের জন্য গণশৌচাগারের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। জাতীয় সংসদ ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে আগত মানুষের নাগরিক চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। এ জন্য ভ্রাম্যমাণ গণশৌচাগার ব্যবহার উপযোগী রাখার ব্যবস্থা নিতে হবে।


ডেপুটি স্পিকার আরও বলেন, “জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন। প্রতিদিন শত শত মানুষ এর নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানিক মিয়া এভিনিউতে আসেন। কিন্তু বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পরিচ্ছন্নতার ঘাটতি দূর করতে সংসদ কর্তৃপক্ষ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।”


তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বর্ধনের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সঙ্গেও জড়িত। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে জমে থাকা পানি, আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার প্রজনন বৃদ্ধি করতে পারে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে হবে।


এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।


ডেপুটি স্পিকার বলেন, মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনসংলগ্ন এলাকাকে আরও সবুজ ও পরিবেশসম্মত করে গড়ে তোলার জন্য সংসদ চত্বরের দেয়াল ঘেঁষে এবং উপযুক্ত খালি স্থানে অধিক সংখ্যক বৃক্ষ, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছপালা রোপণ করতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও মনোরম ও ছায়াময় পরিবেশ সৃষ্টি হবে।


তিনি আশা প্রকাশ করেন, সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানিক মিয়া এভিনিউকে রাজধানীর একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসরে রূপান্তর করা সম্ভব হবে।


পরিদর্শনকালে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ গণপূর্ত অধিদপ্তর, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

;