সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি : জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : 13 Sep 2026
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি : জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী

সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দেই। আমাদের যে বরাদ্দ ৬ কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য আমি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা দেওয়া হবে। তবে এই বছর দেওয়া যাবে কিনা সেই বিষয়ে পর্যালোচনা চলছে। তবে এই বছর যদি পুরোটা নাও হয় আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, দেশে সারের কোন সংকট নেই, যারা সারের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে, কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক, তারপরও আমরা তাদের সাথে বসেছি।


সভায় জামালপুরের জেলা প্রশাসক মো: ইউসুপ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের সুলতান মাহমুদ বাবু। 


সম্পর্কিত খবর

;