স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় বন্যা ও টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পানি ঢুকে পড়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। তবে অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি চলবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর ক্ষমতা পেয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সঙ্গে একই দিনে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই বিশেষ বিবেচনায় বন্যাদুর্গত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হচ্ছে। তিনি জানান, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এর আগে কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে ৯৮৭ জন পরীক্ষার্থীকে নৌকায় করে কেন্দ্রে নেওয়া হয়। সেখানে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় এবং পরীক্ষার্থীদের পূর্ণ সময় দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন গার্লস হাই স্কুল কেন্দ্রে নিচতলায় পানি ওঠায় পরীক্ষা প্রথম ও দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া, হালিশহরসহ নিচু এলাকায় যানবাহন সংকটে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়ে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও স্থানীয় প্রশাসনের মতামত নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments