স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। বিগত কয়েক বছরের মধ্যে এটিই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সর্বোচ্চ আবেদন।
শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামীকাল অর্থাৎ রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী ৭ নভেম্বর ছিল আবেদনের শেষ দিন। তবে কারিগরি ত্রুটির কারণে আবেদন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার কেন আবেদন এত বেশি, তার পেছনে রয়েছে ফলাফলে বড় ধস। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থী পাস করতে পারেননি।
এই পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট। প্রত্যাশিত ফল না পেয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনরায় দেখার আবেদন করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
আবেদনের জন্য প্রতি পত্রে ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীরা rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষ পুনর্মূল্যায়নের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। এ জন্যই সময় বাড়ানো হয়েছে, যাতে আগ্রহী কোনো শিক্ষার্থী বাদ না পড়ে।
এদিকে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখও ঠিক হয়ে আছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল। নতুন করে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৮৫ জন। গ্রেড পরিবর্তন হয়েছিল ২৭ হাজার ৮৩৬ জনের। আর নম্বর পরিবর্তন হয়েছিল ৫৬ হাজার ২৫৯ জনের। এসএসসিতে সেবার ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। সেই অভিজ্ঞতার কারণে এবার এইচএসসির শিক্ষার্থীদের মধ্যেও ফল পরিবর্তনের আশা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
স্টাফ রির্পোটার: শ্রেণিকক্ষের প্রচলিত পাঠদান পদ্ধতিতে প্রযুক্তির সংযোজন এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চালু হলো অত্যাধুনিক স্মার্ট ক্লা ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোববার ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদ ...
সব মন্তব্য
No Comments