আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন নারীসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬৩ জন, যাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল-জাজিরা জানিয়েছে, রোববার রাত ১১টা ৫৭ মিনিটে ব্যাংককের চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের পানশালাটিতে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রধানমন্ত্রী অনুতিন জানান, মঞ্চের কাছে সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেন একজন শিল্পী। এরপরই বিদ্যুৎ চলে যায় এবং বিস্ফোরণের শব্দে দ্রুত ধোঁয়ায় ভরে যায় পুরো পানশালা।
আগুন লাগার পর আতঙ্কিত দর্শকরা পানশালার পেছনের দিকে টয়লেটের কাছে ছুটে যান। কিন্তু সেখানে কোনো অগ্নি-নির্গমন পথ ছিল না। ফলে অনেকে ভেতরে আটকা পড়েন। নিহতদের অধিকাংশের মরদেহ পানশালার পেছনের টয়লেট এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাবিওয়ান জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই আগুন মঞ্চের সামনের অংশ পুড়িয়ে দেয়। আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ২২ জন সংকটাপন্ন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকের কাছে পরিচয়পত্র না থাকায় শনাক্তে সময় লাগছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া পানশালার জরুরি বহির্গমন পথে বিয়ারের ক্রেট ও টেবিল দিয়ে বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
পানশালাটির মালিক ঘটনার সময় ভেতরে ছিলেন এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে পানশালা ও নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। ২০০৯ সালের নববর্ষের রাতে ব্যাংককের সান্টিকা ক্লাবে আগুনে ৬৬ জন নিহত হয়েছিলেন। ২০২২ সালে চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments