ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০

প্রকাশ : 13 Sep 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০

স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ২০৩ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ ১২ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে বিভিন্ন থানা এলাকা থেকে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১টি বিদেশী পিস্তল, ১টি শর্টগান, ১টি এয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইলফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ১টি সাদা বোতলের অ্যালকোহল, ১টি সিএনজি, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টীলের ব্লেড, ১টি চাপাতি ও নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।


রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর

;