ডেস্ক রিপোর্ট: জেণ্ডার বাজেটের কার্যকর বণ্টন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। বিএনপিএস আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নারী উন্নয়ন বিষয়ে সরকারের বিভিন্ন ঘোষণা ও উদ্যোগের কমতি নেই। তবে বাজেটে বরাদ্দ বাড়লেও যে প্রক্রিয়ায় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে, তা নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হচ্ছে কিনা, এ প্রশ্ন থেকেই যায়। তাই আগামীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি দিতে হবে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বাজেট ২০২৪-’২৫ ঃ নারীসমাজের প্রত্যাশা’ শিরোনামে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপিএস-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর। বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
মূল বক্তব্যে ড. সায়মা হক বিদিশা বলেন, সরকার জেন্ডারবান্ধব বাজেট করলেও বাস্তব অগ্রগতি নিয়ে উল্লেখযোগ্য কোনো পর্যালোচনা বা সমীক্ষা পাওয়া যায় না। পর্যবেক্ষণের অভাবে বাজেটে বরাদ্দের কতটুকু নারীর জীবনের কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলো, সে বিষয়েও কোনো তথ্য-উপাত্ত নেই। আর মন্ত্রণালয়গুলোর জেন্ডার সংবেদনশীল প্রোগ্রামের ক্ষেত্রেও কম বাজেট বরাদ্দ রাখা হয়। বাজেটে নারীর জন্য বরাদ্দের পরিকল্পনা ও মনিটরিংয়ের সময় সে বরাদ্দ নারী উন্নয়ন নীতির কর্মকৌশল অনুযায়ী হচ্ছে কি না, তার কোনো খতিয়ান আমরা দেখতে পাই না। তাই মন্ত্রণালয় ও বিভাগগুলোর বরাদ্দকৃত জেন্ডার বাজেটের কার্যক্রমগুলো কীভাবে সরাসরি নারীর ক্ষমতায়ন ও জাতীয় নারী উন্নয়ন নীতিমালার কর্মপরিকল্পনার সাথে সম্পর্কিত, তার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট প্রতি বছর তৈরি ও জনসমক্ষে পেশ করতে হবে।
সভাপতির বক্তব্যে রোকেয়া কবীর বলেন, দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠীই নারী; যাদের সিংহভাগই সম্পদহীন, ক্ষমতাহীন, উপার্জনের সুযোগবঞ্চিত ও পরনির্ভরশীল। তাই তাদের দিকে ন্যায়সম্পন্ন ও কার্যকরভাবে সম্পদপ্রবাহ বৃদ্ধি করতে হবে। গত কয়েক বছরের বাজেটে নারীদের বড় আকারের ঋণ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু একজন নারীকে বড় আকারে ঋণ নিতে হলে সম্পদ বন্ধক দিতে হয়। যার উত্তরাধিকারে সমান অধিকার নেই, তিনি কীভাবে সম্পদ বন্ধক রাখবেন? সম্পদ বন্ধক ছাড়া নারীদের ঋণ প্রদানের নিয়ম চালু করতে হবে। এজন্য উত্তরাধিকার আইনে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা জরুরি। খাসজমির বণ্টনে নারীদের ক্ষেত্রে শর্তবিহীন (উপযুক্ত ছেলে থাকা) বণ্টন নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত সুপারিশে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোর বরাদ্দকৃত জেন্ডার বাজেটের কার্যক্রমগুলো কীভাবে সরাসরি নারীর ক্ষমতায়ন ও জাতীয় নারী উন্নয়ন নীতিমালার সঙ্গে সম্পর্কিত, তার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জনসমক্ষে পেশ করতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য নেওয়া কৌশলগুলো কতটুকু জেন্ডার চাহিদা পূরণ করছে এবং অগ্রগতি কতটুকু, তার সংখ্যাতাত্ত্বিক ও গুণগত বিশ্লেষণের পরিমাপক নির্ধারণ করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জেন্ডার বাজেট বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জেন্ডার ও জেন্ডার বাজেট বিষয়ক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। নারীর জন্য জামানতমুক্ত ঋণ সুবিধা বাড়ানোর পাশাপাশি উত্তরাধিকার আইনে পরিবর্তন আনতে হবে।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments