স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশটি ত্যাগ করতে পারবেন না তিনি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার বিষয়ে সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক তথ্য এবং সরকারের নেওয়া কার্যক্রম সম্পর্কে সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, সরকার এ বিষয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।
অধিবেশনে সালাহউদ্দিন আহমেদ বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাইক্রমে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গত বছরের ১১ এপ্রিল রেড নোটিশ জারি জারি করা হয়। গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানালে বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে আনুষ্ঠানিক একস্ট্রাডিশন রিকোয়েস্ট পাঠায়। পরবর্তী সময়ে দেশটির চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে চলমান প্রত্যর্পণ কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানার লক্ষ্যে সংসদে প্রস্তাবটি গ্রহণের আগেই এনসিবি ঢাকার পক্ষ থেকে এনসিবি আবুধাবির কাছে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছিল। যার ফলে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবির একটি পত্র এনসিবি ঢাকায় আসে।
বেনজীরের হেফাজত-সংক্রান্ত অবস্থার পরিবর্তন অনুরোধপ্রাপ্ত সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতাভুক্ত উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ওই সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। তিনি আরো বলেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথোরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কর্তৃক পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে একটি মামলা রুজু করেছে। ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণপূর্বক প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্যপ্রমাণ প্রাপ্তি সাপেক্ষে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং তাঁর অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রয়েছে।
সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
সব মন্তব্য
No Comments