স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরাও (ডিআইজি) অংশ নেন।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ঢাকা মহানগরীসহ দেশের ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে সোমবার সন্ধ্যার পর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকাতেও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
ককটেল বিস্ফোরণের বেশির ভাগ ঘটনা ঘটেছে রাজধানীতে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছে পুলিশ। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অল্প সময়ের ব্যবধানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে নাশকতার ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফরিদপুর নতুন বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন শেখ ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই রাতে ফরিদপুর সদরের জাফরাবাদ বাজারের কাছে করিম জুট মিলের একটি বাসেও আগুন দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরের চন্দ্রায় দুটি বাস ও একটি কাভার্ডভ্যান এবং সাভার ও ধামরাইয়ে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বৈঠকে আইজিপি যেসব নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে রয়েছে সারা দেশে পুলিশের টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে চেকপোস্ট বসানো, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো, সিসিটিভি ফুটেজ ও সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেন আইজিপি। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি রাখতে বলা হয়। কোথাও যেন সংঘবদ্ধভাবে লোকজন জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়।
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। একই দিন কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকাতেও সড়ক অবরোধ করা হয়। এর আগে সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। বৈঠকে তিনি আগের আওয়ামী লীগ সরকারের আমলের মতো গণগ্রেপ্তারের পথে না যাওয়ার বিষয়ে পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক করেন।
বৈঠকের পর তিন জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানা গেছে, আইজিপি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন। পুলিশের ভাষায়, এটি ‘কোয়ালিটি অ্যারেস্ট’। অর্থাৎ, অপরাধে সরাসরি জড়িত ব্যক্তিদেরই আইনের আওতায় আনতে হবে। নিরপরাধ কাউকে যেন সন্দেহের ভিত্তিতে আটক বা হয়রানি করা না হয়, তা নিশ্চিত করতেও জেলা পুলিশপ্রধানদের নির্দেশ দিয়েছেন আইজিপি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত অপরাধমূলক তৎপরতা রয়েছে। তিনি জানান, এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশের একটি সূত্রের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর দলের নেতা-কর্মীদের একটি অংশ নাশকতায় জড়িত। বিদেশে অবস্থানরত দলীয় নেতারা তাঁদের উসকানি ও অর্থ সহায়তা দিচ্ছেন বলেও পুলিশের ওই সূত্র দাবি করেছে। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যে থাকা কয়েকজনের নাম পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ টাকার বিনিময়ে এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
আইজিপি বলেন, নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
স্টাফ রিপোর্টার: দণ্ডিত হওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলব ...
স্টাফ রিপোর্টার: সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মি ...
খুলনা অফিস: খুলনা নগরীর মিয়াপাড়ায় মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)। রোববার (৮ নভেম্বর) রাত আনুমান ...
সব মন্তব্য
No Comments