জড়িত সন্দেহে আটক ১

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের লাশ

প্রকাশ : 19 Sep 2026
মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের লাশ

কুমিল্লা অফিস: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। 


পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। লাশের পাশে তার সঙ্গে থাকা মায়ের আইফোনটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।


এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। 


ছেলেকে না পেয়ে ওইদিনই তার মা ড. নাহিদা বেগম ফেসবুকে আকুতি জানিয়ে পোস্ট করেন - “আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি।” পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পুলিশ জানায়, নিখোঁজের পর থেকেই অপ্রতিমের সর্বশেষ অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছিল।


এ ঘটনায় সর্বশেষ তুহিন নামের এক তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া। তিনি জানান, তদন্তের স্বার্থে তুহিনকে আটক করা হয়েছে। 


সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”


লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।


সম্পর্কিত খবর

;