ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

প্রকাশ : 13 Jun 2026
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ডেস্ক রিপোর্ট: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিনই বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে যাচ্ছেন। 


গত ১ এপ্রিল ২০২৬ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র পাল সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে তিনি ১ জুলাই ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভারতের সর্ববৃহৎ কমান্ড সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন। 


ন্যাশনাল ডিফেন্স একাডেমি, খড়কওয়াসলার প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট জেনারেল শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশন পান। প্রায় চার দশকের কর্মজীবনে তিনি মরুভূমিতে একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স কমান্ড করেছেন। লেফটেন্যান্ট জেনারেল পদে তিনি সুদর্শন চক্র কোরের কমান্ডার এবং পরে দিল্লি এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড ও সাউদার্ন কমান্ডের জিওসি-ইন-চিফ ছিলেন। ওয়েস্টার্ন ফ্রন্টে দুটি অপারেশনাল কমান্ড পরিচালনার বিরল কৃতিত্ব রয়েছে তার। 


স্টাফ ও কৌশলগত নিয়োগে তিনি জম্মু ও কাশ্মীরে একটি স্বাধীন আর্মার্ড ব্রিগেডের ব্রিগেড মেজর, অ্যাঙ্গোলায় জাতিসংঘ মিশনে অপারেশনস অফিসার, আর্মি হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি, সাউথ ওয়েস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ অপারেশনস এবং ডিজি ডিসিপ্লিন, সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার পদে দায়িত্ব পালন করেছেন। 


ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট ও আধুনিকায়নে তার বড় অবদান রয়েছে। তিনি মেকানাইজড ফোর্সের কর্নেল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট, ব্রিগেডিয়ার পারস্পেক্টিভ প্ল্যানস অ্যান্ড অ্যাকুইজিশন এবং অ্যাডিশনাল ডিজি ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট পদে থেকে ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি ইন্টিগ্রেটেড পারস্পেক্টিভ প্ল্যান ও আধুনিকায়নের রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 


লেফটেন্যান্ট জেনারেল শেঠ পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল ও অতি বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত। সাউদার্ন কমান্ডের প্রধান থাকাকালীন তিনি গত বছর ‘অপারেশন সিঁদুর’ পরিচালনায় নেতৃত্ব দেন। 


সম্পর্কিত খবর

;