সিটিসি গ্র্যান্টস ২০২৬: আবেদন শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল

প্রকাশ : 18 Jun 2026
সিটিসি গ্র্যান্টস ২০২৬: আবেদন শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল


ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্র্যান্টস’ ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বের ৩৫টি দেশের শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের মধ্যে যৌথ উদ্যোগ ও সাংস্কৃতিক অংশীদারিত্ব জোরদারে এ অনুদান কর্মসূচি চালু করা হয়েছে।


ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আন্তসাংস্কৃতিক বিনিময়ের ফলে শক্তিশালী ইতিবাচক পরিবর্তনের প্রভাবের প্রতি গভীর বিশ্বাস থেকেই ব্রিটিশ কাউন্সিল তার কার্যক্রম পরিচালনা করে। ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের একসঙ্গে কাজ করার এবং নতুন কিছু তৈরি করার সুযোগ করে দেয়। একসঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্প ও সংস্কৃতি খাতের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।”


গত বছর এ কর্মসূচির আওতায় বিশ্বের ১৯টি দেশে মোট ১২৭টি প্রকল্প অনুদান পেয়েছিল। এর মধ্যে বাংলাদেশের সাতটি প্রকল্প ছিল।


২০২৬ সালের এ অনুদান কর্মসূচিতে সৃজনশীল পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, ক্রিয়েটিভ হাব (সৃজনশীল কেন্দ্র), বিভিন্ন উৎসব, দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী (বিয়েনাল) এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে প্রস্তাবিত প্রকল্পে যুক্তরাজ্যভিত্তিক অন্তত একজন অংশীদার এবং বাংলাদেশসহ অংশগ্রহণকারী কোনো দেশে আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি অংশীদার প্রতিষ্ঠান থাকতে হবে।


সিটিসি গ্র্যান্টসের শর্তাবলি, আবেদন প্রক্রিয়া এবং মানসম্মত আবেদন তৈরিতে সহায়তা করতে চারটি তথ্যমূলক ওয়েবিনারের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল। এসব ওয়েবিনারে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে (https://shorturl.at/TE7RK)।


ওয়েবিনারের জেনারেল সেশন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন ২০২৬, বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। অধিবেশনগুলোতে ব্রিটিশ ইশারা ভাষার (বিএসএল) সুবিধা থাকবে। এ ছাড়া ১ জুলাই ২০২৬ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আরও একটি সেশনের আয়োজন করা হবে। এ সেশনের আলোচনার মূল বিষয়বস্তু ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, নকশা (ডিজাইন), ফ্যাশন ও কারুশিল্পকেন্দ্রিক বিভিন্ন উৎসব এবং দ্বিবার্ষিক শিল্প প্রদর্শনী (বিয়েনাল)।


একই দিনে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ওয়েবিনারের আয়োজন করা হবে। এতে ডিজিটাল আর্টস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর), ইমারসিভ এক্সপেরিয়েন্সেস, গেমিং এবং ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, নকশা ও ফ্যাশন খাত নিয়ে আলোচনা করা হবে।


২০২৬ সালের এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ সৃজনশীল উদ্যোগের সঙ্গে যুক্ত আবেদনকারীরা সর্বোচ্চ ২৪ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবেন। যৌথভাবে বাস্তবায়িত প্রকল্প, রেসিডেন্সি, গবেষণা ও উন্নয়ন, যৌথ প্রদর্শনী, পরিবেশনা, জনসম্পৃক্ত কর্মসূচি এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ এ অনুদানের আওতায় আসবে।


আবেদন করার আগে ২০২৬ সালের আবেদনসংক্রান্ত টুলকিট, নমুনা আবেদনপত্র এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব তথ্য ও নথি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সিটিসি গ্র্যান্টসের জন্য আবেদনের শেষ সময় আগামী ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৯ মিনিট।

সম্পর্কিত খবর

;