আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে জমকালো অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে আসামে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আসামের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য ৫৭ বছর বয়সী হিমন্ত বিশ্ব শর্মাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গরসহ এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন আরও চারজন মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন— বিজেপির জ্যেষ্ঠ নেতা রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, এজিপি সভাপতি অতুল বোরা এবং বিপিএফ বিধায়ক চরণ বোড়ো। এছাড়া বিজেপির জ্যেষ্ঠ নেতা ও বিধায়ক রঞ্জিত দাসকে আসাম বিধানসভার স্পিকার পদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
২০২১ সালে সর্বানন্দ সোনোয়ালের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার টানা দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে আসামে তিনিই প্রথম নন-কংগ্রেস নেতা, যিনি টানা দুই মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। ২০১৬ সালে প্রথমবার জোট সরকার গঠনের পর এই নিয়ে টানা তৃতীয়বার আসামে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হলো।
সদ্য সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ১০২টি আসনে জিতে বিশাল জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন, যা আসামের ইতিহাসে দলটির পক্ষ থেকে প্রথমবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করার নজির। জোটের শরিক দল এজিপি এবং বিপিএফ ১০টি করে আসনে জয়লাভ করেছে। অসমে প্রথমবার নিজেদের শক্তিতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছোট মন্ত্রিসভা শপথ নিয়েছে, যেখানে বিজেপির পাশাপাশি জোটসঙ্গী দলগুলোর প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রবিবার, ১০ মে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার, ১০ মে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ত ...
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। এর কে ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার, ১১ মে ২০২৬ সকালে তুর্কিশ এয়ারলাইন্সের একটি এয়ারবাস A330 বিমানে অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুগামী ফ্লা ...
সব মন্তব্য
No Comments