স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কপ-৩১ তথা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে এবং চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়া এক্সপো সেন্টার। এর মধ্যেই ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, যেখানে রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও অর্থায়নের দাবি এবারের আলোচনায় সামনে থাকবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
সব মন্তব্য
No Comments