গরমের পর ঝুম বৃষ্টি আর বজ্রপাতে ভিজল ঢাকা, তাপমাত্রা কমার পূর্বভাস

প্রকাশ : 09 Nov 2026
গরমের পর ঝুম বৃষ্টি আর বজ্রপাতে ভিজল ঢাকা, তাপমাত্রা কমার পূর্বভাস

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা গড়াতেই আকাশে জমতে শুরু করে মেঘ। বইতে শুরু করে বাতাস। এর কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। যা দুপুরের গরমকে ভুলিয়ে প্রশান্তি বুলিয়ে দেয় শরীরে। তবে ঝুম বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতও রয়েছে।


সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ চমকানোর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। এতে পথঘাট ভিজে ওঠে। রাজধানীর উত্তরা, বিমানবন্দর, কুড়িল, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া পান্থপথ, ফার্মগেট, গ্রিন রোড, বাংলামোটর, কলাবাগান এবং ধানমন্ডিসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হয়েছে। ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।


এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।


আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই লঘুচাপের প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


অন্যদিকে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে। বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ, পুকুরপাড় ও গাছের নিচে অবস্থান না করতে এবং ঘরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে।


এই বৃষ্টিকে শীতের আগমনী বার্তা হিসেবেও দেখছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং সেখানে তাপমাত্রা বর্তমানে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারা দেশেই শীতের অনুভূতি আরও বাড়তে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।


সম্পর্কিত খবর

;