স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজ্ঞজনেরা বলছেন- বিএনপিসহ যারা নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনও প্রয়াস চালাচ্ছে তাদের মুখে অস্ত্র তুলে দেওয়ার জন্যই টিআইবি এমন প্রতিবেদন দিয়েছে।
তিনি বলেন, 'বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব প্রতিদিন সংবাদ সম্মেলন করে যে কথাগুলো বলেন সেগুলোকে একটু পরিশীলিতভাবে টিআইবি পরিবেশন করেছে, বিএনপি আর টিআইবির ভাষা মিলে গেছে সে কারণে টিআইবি'র এই রিপোর্ট আসলে কারও পক্ষের হয়ে দেওয়া কি না সেই প্রশ্ন রেখেছে অনেকে।'
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিআইবি'র একটি রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। টিআইবি সবসময় গবেষণালব্ধ রিপোর্ট বলে। কিন্তু প্রকৃতপক্ষে টিআইবি বেশিরভাগ ক্ষেত্রে কোনো গবেষণা না করে কিছু 'শ্যালো' বিষয়, কিছু পত্রিকার রিপোর্ট এবং তড়িঘড়ি করে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রেস ব্রিফিং করে। গতকালেরটাও আমার কাছে সে রকম মনে হয়েছে।
টিআইবি'র রিপোর্টকে একপেশে ও পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নির্বাচন নয়ে এতে তোলা অভিযোগ খন্ডন করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, প্রতিটি আসনেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন এবার যে বলিষ্ঠভাবে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে, আইন-কানুন প্রয়োগ করেছে, তা অতীতে এতো কঠোরভাবে হয়েছে কি না তা আমার অন্তত মনে পড়ে না।
উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগের নৌকা মার্কার পাঁচজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এমন কি নির্বাচনের দিন বিকাল তিনটায় চট্টগ্রাম ১৬ আসনে আমাদের দলের নৌকা মার্কার প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। আমাদের দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে, তিনি সেখানে গেছেন।'
তিনি বলেন, 'শুধু তাই নয়, নির্বাচনের পরের দিন বর্তমান ধর্মমন্ত্রীকে কমিশন সমন দিয়েছিল, তিনি সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন, এ কারণে যে তিনি সিলটি গোপন কক্ষে না দিয়ে বাইরে দিয়েছিলেন। বিদ্যুতের খুঁটিতে বা দেওয়ালে পোস্টার লাগানোর কারণেও কমিশন প্রার্থীদের নোটিশ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও নোটিশ দিয়েছে।'
হাছান মাহমুদ বলেন, 'অর্থাৎ নির্বাচন কমিশন যে কি রকম কঠোরভাবে, সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছে, সেটির বহি:প্রকাশ হচ্ছে এইসব নজীর। কিন্তু এগুলোর কোনো প্রশংসা টিআইবি'র রিপোর্টে নাই। অথচ উনারা না কি গবেষণা করেছেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পর্যবেক্ষক, ওআইসি, সার্ক, কমনওয়েলথভুক্ত দেশ থেকে যারা এসেছিল সবাই যখন নির্বাচনের প্রশংসা করেছে এবং নির্বাচনের পর সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। বিভিন্ন দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে, সেটিকে ম্লান করার জন্যই টিআইবি'র এই প্রতিবেদন।'
মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। সফরসূচি নিয়ে কাজ চলছে।
উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে আবহাওয়াজনিত ফ্লাইট বাতিল হওয়ায় বৃহস্পতিবার রাতে ফের ঢাকা ছাড়ার কথা রয়েছে বলেও জানান মন্ত্রী।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments