তিন সিটিতে সিপিবির মেয়র প্রার্থী; রাজশাহী মুন্না, ঢাকা উত্তর সোহেল ও ঢাকা দক্ষিণ মঈন

প্রকাশ : 10 Nov 2026
তিন সিটিতে সিপিবির মেয়র প্রার্থী; রাজশাহী মুন্না, ঢাকা উত্তর সোহেল ও ঢাকা দক্ষিণ মঈন

স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফোরামে গৃহীত সিদ্ধান্ত অনুসারে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সিপিবি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-র সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুলøাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে সিটি কর্পোরেশনগুলোকে প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত নগর সরকার হিসেবে গড়ে তোলার সংগ্রাম পরিচালনা করছে সিপিবি। স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। সে লক্ষ্যে সিটি কর্পোরেশনগুলোকে জনবান্ধব, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা জরুরি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, যানজট ও জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নিম্ন ও মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের আবাসন ও জীবিকার অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সিপিবি মনে করে, সিটি কর্পোরেশন কেবল নাগরিক সেবা প্রদানের প্রতিষ্ঠান নয়; স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাÐ সম্প্রসারণেও এর সক্রিয় ভ‚মিকা থাকা প্রয়োজন। প্রতিটি সিটি কর্পোরেশনকে নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ও স্থানীয়ভাবে অর্থনৈতিক বিকাশের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সিপিবি।

বিবৃতিতে বলা হয়, নগর উন্নয়নের নামে ভ‚মি ও জলাশয় দখল, পরিবেশ ধ্বংস, বাণিজ্যিক স্বার্থে জনস্বার্থ উপেক্ষা এবং নাগরিক সেবাকে মুনাফার পণ্যে পরিণত করার প্রবণতা বন্ধ করতে হবে। সিটি কর্পোরেশন পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলমান আন্দোলন ও নাগরিক তৎপরতাকে বৃহত্তর রাজনৈতিক সংগ্রামে রূপান্তর করার কাজকে অন্যতম প্রধান কর্তব্য হিসেবে বিবেচনা করে সিপিবি। এই কর্তব্যকে সামনে রেখেই সিপিবি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সিপিবি মনে করে, মেয়র নির্বাচন কেবল ব্যক্তি বা দলীয় ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা নয়; এটি নগরবাসীর অধিকার, মর্যাদা ও জীবনমান প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামের অংশ। সিপিবির প্রার্থীরা নগরবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থভিত্তিক, বৈষম্যহীন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন এবং সাফল্য অর্জন করবেন।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনগুলোতে বিনা ভোটে প্রতিষ্ঠিত দলীয় কর্তৃত্ব ও দখলদারিত্বের অবসান ঘটিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারের দায়িত্ব অর্পণ করতে হবে। যেন নগরবাসী নিজেদের শহরের উন্নয়ন, পরিকল্পনা ও পরিচালনায় কার্যকর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।


সম্পর্কিত খবর

;